ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালিকে কেন্দ্র করে ভারত-চীনের কৌশলগত প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মালাক্কা প্রণালির কাছে ভারতের গ্রেট নিকোবর দ্বীপকে ঘিরে বৃহৎ সামরিক ও অবকাঠামোগত পরিকল্পনা এখন বেইজিংয়ের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত বর্তমানে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে। এর আওতায় গ্রেট নিকোবর দ্বীপে গভীর সমুদ্রবন্দর, বিমানঘাঁটি, বিদ্যুৎকেন্দ্র, যোগাযোগ অবকাঠামো এবং সামরিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
গ্রেট নিকোবরের অবস্থান অত্যন্ত কৌশলগত। দ্বীপটি মালাক্কা প্রণালির পশ্চিম প্রবেশমুখ থেকে খুবই কাছাকাছি অবস্থান করছে। এই প্রণালির মাধ্যমেই চীনের বিপুল পরিমাণ জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং বাণিজ্যিক পণ্য পরিবহন হয়। ফলে এই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি বৃদ্ধি পেলে চীনের সামুদ্রিক সরবরাহ ব্যবস্থার ওপর সরাসরি নজরদারি ও চাপ সৃষ্টি করা সম্ভব হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ আরও জানিয়েছে, ভারতীয় কৌশলবিদদের একাংশ গ্রেট নিকোবরকে “ডুববে না এমন বিমানবাহী রণতরী” হিসেবে বর্ণনা করছেন। কারণ, এই দ্বীপকে ব্যবহার করে ভারত সহজেই ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালিতে নজরদারি, সামরিক অভিযান এবং নৌ চলাচল নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়াতে পারবে।
সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকট এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির পর ভারত তার সামুদ্রিক নিরাপত্তা কৌশলে নতুন করে গুরুত্ব দিচ্ছে। একইসঙ্গে চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি মোকাবিলায় নয়াদিল্লি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে উক্ত প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন দীর্ঘদিন ধরেই “মালাক্কা সংকট” নিয়ে উদ্বিগ্ন। কারণ, মালাক্কা প্রণালিতে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হলে চীনের জ্বালানি ও বাণিজ্য সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেই গুরুত্বপূর্ণ পথের কাছেই ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি বেইজিংয়ের কৌশলগত হিসাব-নিকাশে নতুন চাপ তৈরি করছে কিনা সেটাই বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে
মালাক্কা ঘিরে ভারতের নতুন সামরিক চাল, কতটা চাপে চীন?
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া থেকে-
দেশ বিদেশ
১ মাস আগে
২৮ মে (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৪১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
