মৌমাছির কামড়ে আম্পায়ারের মৃত্যু

ফন্ট সাইজ:

খেলার মাঠে মর্মান্তিক ও বিরল এক ঘটনা ঘটলো। গত বুধবার বিকালে সপ্রু ময়দানে কানপুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত একটি ম্যাচ চলাকালীন একঝাঁক মৌমাছির আক্রমণে প্রাণ হারান আম্পায়ার মানিক গুপ্ত (৬৫)। আর মৌমাছির হুল খেয়ে আহত হন প্রায় ১৫ থেকে ২০ জন ক্রিকেটার। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালীন হঠাৎ এক ঝাঁক মৌমাছি মাঠের খেলোয়াড় ও কর্মকর্তাদের আক্রমণ করে। মুহূর্তের মধ্যে পুরো মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে খেলোয়াড় ও দর্শকরা ছোটাছুটি শুরু করেন। কিন্তু আম্পায়ার মানিক গুপ্ত মৌমাছির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। শত শত মৌমাছির হুল ফুটানোর এক পর্যায়ে তিনি মাঠে জ্ঞান হারিয়ে ফেলেন। কানপুর ক্রিকেট সভাপতি এস এন সিং পিটিআইকে জানান, অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে মানিক গুপ্তকে যখন হাসপাতালে নেয়া হচ্ছিল, তখনো তার মুখ এবং শরীরে অসংখ্য মৌমাছি আটকে ছিল। শুরুতে তাকে শুক্লাগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কানপুরের লালা লাজপত রায় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন