বাফুফের ‘র‌্যাপিড ফায়ারে’ যা বললেন সুইডেন প্রবাসী আনিকা

ফন্ট সাইজ:

সুইডেন থেকে এসে লাল-সবুজ জার্সিতে মানিয়ে নিতে শুরু করেছেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুশীলনে আছেন তিনি। গত বুধবার রাতে বাফুফে’র ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে আনিকাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। ইউরোপের কনকনে শীত থেকে এসে বাংলাদেশের আবহাওয়ায় শুরুতে কিছুটা কষ্ট হলেও, এখন এই পরিবেশের প্রেমে পড়ে গেছেন বলে জানান তিনি।
জাতীয় দলে এসেই অল্প সময়ে বেশ কয়েকজন বন্ধু বানিয়ে ফেলেছেন আনিকা। ভিডিও বার্তায় তিনি জানান, দলের আফঈদা খন্দকার, রুপনা চাকমা, শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রানীর সঙ্গে তার দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। তাদের সঙ্গে মাঠ আর মাঠের বাইরে সময় কাটছে এই প্রবাসী তারকার। বাফুফের র‌্যাপিড ফায়ার রাউন্ডে আনিকা তার পছন্দের কথাও জানান। প্রিয় ফুটবলার হিসেবে তিনি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নিয়েছেন। এছাড়া তার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ও প্রিয় জাতীয় দল পর্তুগাল। ব্যক্তিগত পছন্দের কথা বলতে গিয়ে আনিকা জানান, নীল রঙের পোশাক তার খুব পছন্দ, বিশেষ করে সালোয়ার-কামিজ। আর পছন্দের খাবারের তালিকায় সবার উপরে রেখেছেন গরুর মাংসকে। আগামী ১লা মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া নারী এশিয়ান কাপে বাংলাদেশের হয়ে প্রথম প্রবাসী নারী ফুটবলার হিসেবে মাঠে নামার অপেক্ষায় আছেন আনিকা রানিয়া সিদ্দিকী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন