চুক্তি অনুযায়ী বিদেশি ফুটবলারদের পারিশ্রমিক পরিশোধ না করায় ফিফার নিষেধাজ্ঞার খড়গে পড়ে দেশের শীর্ষ তিন ক্লাব মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা কিংস। নিষেধাজ্ঞার কারণে চলতি ফুটবল মৌসুমের সেকেন্ড লেগে নতুন কোনো ফুটবলারও দলে ভেড়াতে পারেনি তারা। তবে আবাহনী ও বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো খবর পাওয়া না গেলেও মোহামেডান তাদের সাবেক ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহের আংশিক টাকা পরিশোধ করেছে। আর এ কারণেই ফিফা মোহামেডানের ওপর আরোপিত দলবদলের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২০২২-২৩ মৌসুমে খেলে যাওয়া ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতে ফিফা থেকে নিষেধাজ্ঞা পেয়েছিল মোহামেডান। এতে মোহামেডান মধ্যবর্তী দলবদলে খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান খেলোয়াড় নিবন্ধন করতে পারত না। মোহামেডানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘আমরা পাঁচ কিস্তিতে ১০ হাজার ডলার করে দেব। ইতোমধ্যে এক মাসের কিস্তি দেয়ায় ফিফা থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার চিঠি এসেছে গত বুধবার।’ মোহামেডানের নিষেধাজ্ঞা উঠে গেলেও এই মৌসুমে আর খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না। মোহামেডান কিস্তি অনুযায়ী অর্থ পরিশোধের অঙ্গীকার করেছে। আর্থিক সংকটে রয়েছে ক্লাবটি। প্রতি মাসে দশ হাজার ডলার করে আগামী চার মাস প্রদান করতে পারবে কি না সেটাই দেখার বিষয়। মোহামেডান নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেও আরও দুই শীর্ষ ক্লাব আবাহনী ও বসুন্ধরা কিংস এখনও ফিফার শাস্তির খড়গে রয়েছে। মোহামেডানের নিষেধাজ্ঞা ফাইল মাত্র একটি হলেও আবাহনীর তিনটি এবং বসুন্ধরা কিংসের নামে ৯টি ফাইল রয়েছে। তারা কবে ফুটবলারদের বকেয়া পরিশোধ করবে তার কোনো উত্তর দিতে পারেনি ক্লাবটির কর্মকর্তারা। এদিকে শাস্তি উঠে যাওয়ায় ফিফার নিষেধাজ্ঞা সংক্রান্ত পোর্টালে মোহামেডানের নাম নেই।
নিষেধাজ্ঞা থেকে মুক্ত মোহামেডান
স্পোর্টস রিপোর্টার
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
