ফরিদপুরের সালথায় পূর্ববিরোধের জেরধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ১২টি বাড়ি। আগুন দেওয়া হয়েছে একটি ট্রলি গাড়িতে ও একটি খড়ির গাদায়। মঙ্গলবার বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ ও কাউলীকান্দা গ্রামবাসীর মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, পূর্ববিরোধের জেরধরে মঙ্গলবার দুপুরে সিংহপ্রতাপ গ্রামের ইব্রাহিম মোল্যার সমর্থক মো. বাবু তালুকদার (২২) নামে এক ভ্যানচালক কাউলিকান্দা স্ট্যান্ডে গেলে তাকে মারধর করে কাউলীকান্দা গ্রামের হাবিবুর রহমান হাবির সমর্থকরা। বিষয়টি জানাজানি হলে বিকেলে সিংহপ্রতাপ ও কাউলিকান্দা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা শুরু হয়।
একপর্যায়ে উভয় গ্রামের শতশত বাসিন্দা দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় উভয় গ্রামের অন্তত ১২টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি খড়ির গাদা ও একটি ট্রলি গাড়িতে।
সংঘর্ষে উভয় গ্রামের ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
