উলভসের মাঠে আর্সেনালের ড্র

শিরোপা কি তবে সিটির?

উলভসের মাঠে আর্সেনালের ড্র

ফন্ট সাইজ:

আর্সেনালের জন্য প্রিমিয়ার লীগ যেন এক গোলকধাঁধা। ২২ বছরের শিরোপাখরা কাটানোর সুযোগ যখন হাতের নাগালে, ঠিক তখনই খেই হারিয়ে ফেলছে মিকেল আর্তেতার দল। পয়েন্ট তালিকার তলানিতে থাকা উলভারহ্যাম্পটনের সঙ্গে ড্র করে আর্সেনাল কেবল ২ পয়েন্টই হারায়নি, বরং লীগ শিরোপার ভাগ্যও তুলে দিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির হাতে। মলিনক্স স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচের ৫৬ মিনিট পর্যন্তও আর্সেনাল সমর্থকদের মুখে চওড়া হাসি ছিল। বুকায়ো সাকা ও পিয়েরো হিনকাপির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা গানাররা তখন জয়ের সুবাস পাচ্ছিল। কে জানতো, শেষ বাঁশি বাজার আগে সেই হাসি বিষাদে পরিণত হবে! তলানির দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে শেষ মুহূর্তের গোল হজম করে ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। এই ড্রয়ে প্রিমিয়ার লীগের শিরোপা দৌড়ে একটু ধাক্কা খেলো আর্সেনাল। তাদের ড্র’য়ে চালকের আসনে ম্যানচেস্টার সিটি। আর্সেনাল ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার সিটির সঙ্গে তারা এগিয়ে ৫ পয়েন্ট ব্যবধানে। এ মৌসুমে লিগে আর্সেনাল খেলবে আর ১১ ম্যাচ, সিটি ১২ ম্যাচ। এর মধ্যে আর্সেনাল-সিটি ম্যাচও আছে। এখন সিটি যদি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ম্যাচসহ তাদের হাতে থাকা ১২ ম্যাচই জেতে তাহলে চ্যাম্পিয়ন তারাই হবে। ফলে সিটির পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকা ছাড়া গানারদের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। গত মৌসুমেও লীগের শেষ ভাগে এসে খেই হারিয়ে সিটির হাতে শিরোপা তুলে দেয় আর্সেনাল। এবারও ব্রেন্টফোর্ড ও উলভসের বিপক্ষে টানা দুই ড্রয়ে ৪ পয়েন্ট হারিয়ে সেই পুরোনো পথেই তারা হাঁটছে। চলতি বছরে খেলা ৭ ম্যাচের মাত্র দুটিতে জয় পাওয়া আর্সেনালের মানসিক শক্তি নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। ম্যাচ শেষে হতাশ আর্সেনাল কোচ আর্তেতা বলেন, ‘যেকোনো মতামত মাথা পেতে নিতে হবে। যেকোনো আঘাতই মেনে নিতে হবে। কারণ, আমরা প্রয়োজনীয় পারফরম্যান্সটুকু দেখাতে পারিনি।’ আগামী ২২শে ফেব্রুয়ারি টটেনহামের বিপক্ষে উত্তর লন্ডন ডার্বিতে মাঠে নামবে আর্সেনাল। সেই ম্যাচ নিয়ে আর্তেতা বলেন, ‘আমরা সব সময় এটা করেছি; কিন্তু যদি সত্যিই শক্ত মানসিকতার দল হই তাহলে পরের ম্যাচেই সেটি প্রমাণ করতে হবে। এখানে বলা সহজ; কিন্তু আমাদের মাঠে দেখাতে হবে।’ ৫ মিনিটে সাকার গোলে শুরুটা দারুণ হলেও শেষ দিকে হুগো বুয়েনো ও টম এডজোয়ির গোল রুখতে না পারার ব্যর্থতা আর্সেনালকে কত বড় মাশুল দেয়াবে, তা সময়ই বলে দেবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন