গ্রুপ পর্বের ১০ ম্যাচ বাকি থাকতেই সুপার এইটে কোন দল কার মুখোমুখি হচ্ছে তা চূড়ান্ত হয়ে গেছে। এই আজব নিয়মের নাম হচ্ছে ‘প্রি-সিডিং’। উইজডেন ক্রিকেটের বিশ্লেষণে বলা হয়েছে, এই নিয়মের কারণে মাঠের খেলার চেয়ে টেবিলের ছকই বেশি গুরুত্ব পাচ্ছে, যা ক্রিকেটের আসল রোমাঞ্চ নষ্ট করে দিচ্ছে। নিয়মটা এমন যে, ভারত বা অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলো তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানার্সআপ-তাদের জন্য আগে থেকেই সুপার এইটের জায়গা বুক করে রাখা হয়। যেমন, যেমন ভারত প্রথম পর্বের সব ম্যাচ জিতে ‘এ-১’ হিসেবে পরের রাউন্ডে গেছে, কিন্তু তারা রানার্সআপ হলেও তাদের ‘এ-১’ হিসেবেই গণ্য করা হতো। একইভাবে অস্ট্রেলিয়া বাদ পড়ায় তাদের নির্ধারিত জায়গাটি নিয়েছে জিম্বাবুয়ে, যা প্রমাণ করে মাঠের লড়াইয়ের চেয়ে টেবিলের পূর্ব-নির্ধারিত ছকই এখানে বেশি গুরুত্ব পাচ্ছে।
সুপার এইটের এক গ্রুপে পড়ে গেছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো তিনটি শক্তিশালী দল। তারা সবাই গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে নাম লেখায়। এর মানে হলো, সেমিফাইনালের আগে নিয়মের বেড়াজালে পড়ে একটি দলকে বিদায় নিতে হবে। অন্যদিকে আরেক গ্রুপে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দলগুলো সুযোগ পেয়েছে। যারা রানার্সআপ হয়ে পরের রাউন্ডে এসেছে। ফলে এক গ্রুপের লড়াই অনেক কঠিন হলেও অন্য গ্রুপের পথ অনেকটা সহজ হয়ে গেছে। আইসিসি’র যুক্তি হচ্ছে, ভারত ও শ্রীলঙ্কার মতো বিশাল দেশে ব্রডকাস্টার, টিকিট বিক্রি এবং সমর্থকদের যাতায়াত সুবিধার জন্য আগেভাগেই ভেন্যু ঠিক রাখা প্রয়োজন। কারণ ভারত-পাকিস্তান ম্যাচের পাঁচদিন আগে টিকিট ও বিমানের দাম চার গুণ বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে প্রশ্ন উঠেছে, লজিস্টিক সুবিধা কি খেলার রোমাঞ্চের চেয়েও বড় হতে পারে?
করুণ দশা শ্রীলঙ্কার। তারা এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। ঘরের মাঠে গ্রুপ পর্ব খেললেও শ্রীলঙ্কাতে সেমিফাইনাল খেলার নিশ্চয়তা নেই। পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তবেই খেলা হবে শ্রীলঙ্কায়। আর পাকিস্তান বাদ পড়লে শ্রীলঙ্কাকে সেমিফাইনাল খেলতে উড়াল দিতে হবে ভারতে। স্রেফ টিভি চ্যানেল আর স্পন্সরদের খুশি করতেই আইসিসি এমন অন্যায্য নিয়ম করেছে। যখন মেধার চেয়ে হিসাবনিকাশ বড় হয়ে যায়, তখন বিশ্বকাপের মতো বড় আসর তার রং হারিয়ে ফেলে।
সুপার এইট : পূর্ণাঙ্গ সূচি
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২১শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম পাকিস্তান কলম্বো সন্ধ্যা ৭:৩০
২২শে ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা পাল্লেকেলে দুপুর ৩:৩০
২২শে ফেব্রুয়ারি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা আহমেদাবাদ সন্ধ্যা ৭:৩০
২৩শে ফেব্রুয়ারি জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ মুম্বই সন্ধ্যা ৭:৩০
২৪শে ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান পাল্লেকেলে সন্ধ্যা ৭:৩০
২৫শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা কলম্বো সন্ধ্যা ৭:৩০
২৬শে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা আহমেদাবাদ দুপুর ৩:৩০
২৬শে ফেব্রুয়ারি ভারত বনাম জিম্বাবুয়ে চেন্নাই সন্ধ্যা ৭:৩০
২৭শে ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড কলম্বো সন্ধ্যা ৭:৩০
২৮শে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম শ্রীলঙ্কা পাল্লেকেলে সন্ধ্যা ৭:৩০
১লা মার্চ জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা দিল্লি দুপুর ৩:৩০
১লা মার্চ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ কলকাতা সন্ধ্যা ৭:৩০
