ইতালির লড়াই থামালো ওয়েস্ট ইন্ডিজ, শামারের বিশ্বরেকর্ড

ইতালির লড়াই থামালো ওয়েস্ট ইন্ডিজ, শামারের বিশ্বরেকর্ড

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের বিপক্ষে বেশ লড়াই করেছিল ইতালি। ২০২ রান তাড়া করতে নেমে ১৭৮ রান তোলে দলটি। ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলা করার আগে আত্মবিশ্বাসী ছিল তারা। তবে ক্যারিবীয়রা সুযোগ দেয়নি। গতকাল আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবে পাওয়ার প্লেতে বিপর্যয়ে পড়ে ইতালি। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি। ৪২ রানের জয়ে গ্রুপ পর্ব শেষ করে সবার আগে সুপার এইটে ওঠা ওয়েস্ট ইন্ডিজ।
জাস্টিন মস্কাকে দ্বিতীয় ওভারে ফিরিয়ে ওপেনিংয়ে ইতালির মস্কা ভাইদের জুটি ভাঙেন ক্যারিবিয়ান পেসার ম্যাথু ফোর্ড। একটু হাত খুলে খেলার চেষ্টায় ১২ বলে ১৯ করা অ্যান্থনি মস্কাকে পরের ওভারে ফেরান স্পিনার আকিল হোসেন। দুই ওভার পর ফোর্ডের শিকার হয়ে ফেরেন সাইদ নাকভি। শুরুতে তিন উইকেট হারিয়ে ফেলা ইতালির চাপ কাটিয়ে উঠতে বড় জুটির প্রয়োজন ছিল। মিডল অর্ডাররা সেই দায়িত্ব নিতে পারেননি। ইনিংসের কোনো জুটিতেই ২৫ রানের বেশি ওঠেনি। ছয়ে নামা বেন মানেন্তি ২৬ ও স্মাটস ২৪ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ইতালির ইনিংস গুঁড়িয়ে দিতে মূল ভূমিকা রাখেন শামার জোসেফ। ৩০ রানে ৪ উইকেট নেয়ার পাশাপাশি ফিল্ডার হিসেবে তালুবন্দি করেন চারটি ক্যাচ। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৪ উইকেট ও ৪টি ক্যাচ নেয়ার বিশ্বরেকর্ড গড়েন এই ক্যারিবিয়ান পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপারদের বাইরে ফিল্ডার হিসেবে এক ম্যাচে চার ক্যাচ নেয়া পঞ্চম ক্রিকেটার এখন তিনি। টসে হেরে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ইডেনের ব্যাটিংবান্ধব উইকেটে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। অধিনায়ক শাই হোপ ৪৬ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়া রোস্টন চেজ ও শেরফান রাদারফোর্ড দুজনেই ২৪ রানে অপরাজিত থাকেন। ‘সি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ৪ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট পাওয়া ইতালি চতুর্থ হয়ে শেষ করলো তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন