সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এর মধ্যে ৪ জন আক্রান্ত হয়ে ও ৫১ জন উপসর্গ নিয়ে মারা যায়।
মারা যাওয়া শিশুরা হলো- সুনামগঞ্জের দোয়ারাবাজারের আফসরনগরের রমজান আলীর ১৪ মাসের ছেলে মহসিন, সিলেট সদর উপজেলার পীরেরগাঁওয়ের মাজেদের আট মাসের ছেলে মাজহারুল ও মৌলভীবাজার সদরের বড়কাপনের মিলু মিয়ার চার মাসের কন্যাশিশু তানিয়া।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ৫৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে ২৫শে মে পর্যন্ত বিভাগে মোট ১৬৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে চার জন নিশ্চিত হামের রোগী ছিলো নিশ্চিত করা গেছে।
