চলমান ইরান যুদ্ধের মধ্যে ভারতে গত ১১ দিনের মধ্যে চতুর্থবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ আড়াই রুপির বেশি দাম বাড়ার ফলে দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ রুপি ছাড়িয়ে গেছে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো সোমবার পেট্রোলের দাম ২.৬১ রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে ডিজেলের দাম ২.৭১ রুপি বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে এখন পেট্রোলের দাম হবে লিটারপ্রতি ১০২.১২ রুপি। একইভাবে রাজধানীতে ডিজেলের দাম হবে লিটারপ্রতি ৯৫.২০ রুপি। কলকাতায় অবশ্য এই দাম বৃদ্ধির ফলে পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে ১১৩.৫১ রুপি। লিটারপ্রতি ২.৮০ রুপি বেড়ে ডিজেলের দাম কলকাতায় হয়েছে ৯৯.৮২ রুপি।
গত ১৫ই মে সারা দেশে এক ধাক্কায় লিটারপ্রতি তিন রুপি বেড়ে গিয়েছিল পেট্রোলের দাম। তার পর ১৯শে মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রোলের দাম বাড়িয়ে দেয়া হয়। তার পর ২৩শে মে ফের ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হয়। সোমবারের মূল্যবৃদ্ধির পর দেশে গত ১১ দিনে সাত টাকারও বেশি মহার্ঘ হয়ে গিয়েছে পেট্রোল। সর্বশেষ এই দাম বৃদ্ধির ফলে সেসব পরিবারের ওপর চাপ বাড়াবে যারা ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে। ডিজেলের দাম বাড়ার ফলে সরবরাহ খরচ বাড়বে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও প্রভাবিত হবে। জ্বালানির দাম আগেরবার বাড়ার কারণে দুধ ও রুটি ইতিমধ্যেই বেশি দামে বিক্রি হচ্ছে। তবে জ্বালানির এই সর্বশেষ মূল্যবৃদ্ধি এমন এক দিনে ঘটলো, যেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে এই মাসে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে গেছে।
পর্যবেক্ষকদের সূত্রে বলা হয়েছে, তেল সংস্থাগুলো লাভের পরিমাণ ঠিক রাখতে এই দাম বৃদ্ধি করে চলেছে।
