বিএনপিও আওয়ামী লীগের মতো পুলিশকে ব্যবহার করতে চাইছে: হাসনাত আবদুল্লাহ

ফন্ট সাইজ:

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি সরকারও আওয়ামী লীগের পথে হাটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতগুলোতে কি রায় হবে, কি বিচার হবে, কে জামিন পাবে সব কিছু রিমোর্ট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সোমবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত শুক্রবার ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটননকে কেন্দ্র করে এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা পরবর্তী ঘটনার প্রতিবাদে সোমবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন শেষে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, মূখ্য সমন্বয়ক রিফাত রশিদ প্রমুখ। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আইন আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের উর্ধ্বতন কর্মকতারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এটা লজ্জাজনক।

হাসনাত আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আওয়ামী লীগের পথে হাটছে। আওয়ামী লীগের মতো বিচার, আদালত ও পুলিশ কে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আওয়ামী লীগ এইসব কারণে জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকার যদি আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা মেনে নেবো না। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, আজ আমরা (বিএনপি-এনসিপি-জামায়াত) যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পরে এটা হওয়ার কথা ছিল না।
প্রসঙ্গত, ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় রোববার গ্রেপ্তার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। পরে আজ সকাল ১০টায় তিনি জামিন পান। এর পর সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন