বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

ষড়যন্ত্রমূলক বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা হাফেজ মো. আজিজুল হক। এ সময় তিনি নিজেকে মিডিয়া ট্রায়ালের শিকার দাবি করে দুঃসময়ের আন্দোলন সংগ্রামে দলের প্রতি ত্যাগ, মামলা, হামলা এবং নির্যাতনের মূল্যায়ন পূর্বক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিএনপি’র বহিষ্কৃত সদস্য সচিব এবং জেলা উত্তর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আজিজুল হক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর রাজনীতির পাশাপাশি ব্যবসা করে আসছি। বিগত আন্দোলন সংগ্রামে অসংখ্য গায়েবি মামলার আসামি হয়ে হামলা, মামলায় নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু সরকার গঠনের পর একটি কুচক্রী মহলের পরিকল্পিত ইন্ধনে আমার বিরুদ্ধে তেল কেলেঙ্কারির ভিত্তিহীন অভিযোগে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মিথ্যা তথ্যে দল থেকে বহিষ্কার করানো হয়েছে। যা ইতিমধ্যে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। হাফেজ আজিজুল হক আরও বলেন, আমার মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে বিগত জ্বালানি সংকটের সময়ে প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় অভিযান পরিচালনা করে কোনো অনিয়ম বা মজুত পায়নি। কিন্তু ৭ই এপ্রিল জ্বালানি না থাকার কারণে পাম্প বন্ধ থাকা অবস্থায় দায়িত্বশীলদের অনুপস্থিতিতে প্রশাসন একটি অভিযান চালিয়ে হিসাবে গরমিল দেখিয়ে মামলা করে। এ ঘটনায় একটি মহল মনগড়া ও ত্রুটিপূর্ণ রিপোর্টের ভিত্তিতে ষড়যন্ত্রমূলক খবর প্রকাশ করায়। কিন্তু কোথায় তেল মজুতের বিষয়ে কোনো তথ্য কেউ উপস্থাপন করতে পারেনি।

এতেই প্রমাণিত হয়, ঘটনাটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। এই অবস্থায় বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামে দলের প্রতি আমার ত্যাগ, হামলা, মামলা এবং নির্যাতনের মূল্যায়নে করে ষড়যন্ত্রমূলক বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের মানবিক প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হস্থক্ষেপ কামনা করছি।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী, আ. মান্নান মণ্ডল এবং বাবুল ফকির প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন