হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে কর্মব্যস্ত নগর জীবন ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বাড়ির পথে ছুটছেন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন রেলস্টেশন ও আশপাশ এলাকায় দেখা গেছে যাত্রীদের ব্যাপক উপস্থিতি ও প্রাণচাঞ্চল্য। ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরে শায়েস্তাগঞ্জ জংশনে যাত্রীদের চাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। বিশেষ করে আন্তঃনগর ও মেইল ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্টেশন চত্বরে দেখা যায়, কেউ পরিবার নিয়ে, কেউ আবার ছোট ছোট শিশুদের সঙ্গে ব্যাগ ও প্রয়োজনীয় মালামাল হাতে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। অনেকেই দীর্ঘ সময় পর নিজ গ্রামে ফিরে যাওয়ার অনুভূতি প্রকাশ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। ঢাকা থেকে আসা এক যাত্রী জানান, সারা বছর কাজের ব্যস্ততায় পরিবারকে খুব একটা সময় দেয়া হয় না। ঈদের ছুটিটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। অনেক কষ্ট করে টিকিট পেয়েছি, এখন বাড়ি ফিরতে পেরে অনেক ভালো লাগছে।
আরেক যাত্রী বলেন, ঈদ মানেই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করা। তাই যাত্রাপথে কিছুটা কষ্ট হলেও প্রিয়জনদের কাছে ফিরতে পারার আনন্দই আসল। শায়েস্তাগঞ্জ জংশনের আশপাশের পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে কর্মব্যস্ততা। স্টেশনের বাইরে সিএনজি, অটোরিকশা ও অন্যান্য পরিবহন চালকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। একইসঙ্গে খাবারের দোকান, ফলের দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, প্রতি বছর ঈদকে ঘিরে শায়েস্তাগঞ্জ জংশনে যাত্রীদের ব্যাপক ভিড় হয়। তবে এবারো মানুষের মধ্যে বাড়ি ফেরার আনন্দ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব পালন করতেও দেখা গেছে। ঈদুল আজহাকে ঘিরে প্রিয়জনের টানে ঘরে ফেরার এই দৃশ্য যেন মানুষের মাঝে এক অন্যরকম আবেগ ও ভালোবাসার বার্তা বহন করছে।
