নেত্রকোণায় ২ হাজার পিস ইয়াবাসহ শ্যালক-দুলাভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের শফিকুল ইসলাম (২২) ও বন্দের বাড়ি এলাকার সুজ্জল মিয়া (৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে অভিযানে প্রথমে নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের ইটাখলা বাজার এলাকায় শফিকুল ইসলামকে আটক করা হয়।
এ সময় তার স্যান্ডেলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে শফিকুলের দেয়া তথ্যে পৌরসভার বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় খাটের তোষকের নিচে রাখা একটি ব্যাগ থেকে আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসি সূত্র জানায়, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২০০ গ্রাম। এ ছাড়া তিনটি মোবাইল ফোনসহ মাদক বিক্রির ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটককৃদের বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
