হবিগঞ্জের নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে ৩য় শ্রেণির এক শিশু ছাত্রী (৯)কে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে ভুক্তভোগী ওই শিশুকে সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকালে ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও বড়চর সরকারি প্রাইমারি স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী গ্রামের দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার সঙ্গীকে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক পাশের বাঁশ ঝাড়ের নির্জন স্থানে মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয়রা মেয়েটির কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
শিশুটির মা সাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, মেয়েটি দোকানে যাওয়া সময় তাকে একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জন স্থানে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে একই গ্রামের আফরোজ মিয়া ও অজ্ঞাত আরেকজন। পরে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে ধর্ষকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। শিশুটির বাবা বলেন, আমি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে ওসি মো. মোনায়েম মিয়া জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
