প্রবাসে লোক পাঠাতে যে প্রতারণার আশ্রয় নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সেসব জাল চক্র রয়েছে তাদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তিনি গতকাল দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে সরকার। এ ছাড়া সড়ক দুর্ঘটনাসহ কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে মৃত শ্রমিকদের ব্যাপারেও সরকার সার্বিক সহযোগিতা করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
এর আগে চেক বিতরণ অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত ও নিহত শ্রমিক পরিবারের মধ্যে ৬৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সর্বনিম্ন ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত শ্রমিক পরিবারকে বিতরণ করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ঈদের আগে সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত হওয়া শ্রমিকের পরিবারের মধ্যে এ চেক বিতরণ করা হয়।
