আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীসেবা ও ঘাট ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সোমবার দুপুরে তিনি পাটুরিয়া ঘাট এলাকায় পৌঁছে ফেরিঘাট ও লঞ্চঘাটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা সংক্রান্ত সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ঘাট এলাকায় দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং মাঠপর্যায়ে কোনো সমস্যা রয়েছে কিনা, তা যাচাই করতেই এই পরিদর্শন করা হচ্ছে। তিনি বলেন, আমরা একাধিকবার বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। ঈদযাত্রীদের কাছ থেকে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ১০ টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ছোটখাটো বিষয় হলেও এগুলো আমাদের নজর এড়িয়ে যাওয়ার কথা নয়। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিতে পারে, তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
