সীতাকুণ্ডে এলপিজি গ্যাসবাহী গাড়িতে ডাকাতি

সীতাকুণ্ডে এলপিজি গ্যাসবাহী গাড়িতে ডাকাতি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপের এলপিজি গ্যাসবাহী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গাড়ির চালকের হাতের কব্জির উপরের রগ কেটে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার গাড়িটির নম্বর চট্ট মেট্রো-ঢ ৬১-০১৯৩। গাড়িটি কুমিল্লা থেকে গ্যাস নিয়ে কারখানায় ফেরার পথে রাস্তার পাশে ডাকাত দলের কবলে পড়ে। আহত চালকের নাম জেবুল হক (৫০)। তিনি মিরসরাই উপজেলার মগাদিয়া ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, ডাকাতরা চালকের হাতের কব্জির উপরের রগ কেটে দেয় এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে প্রথমে কারখানায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সীতাকুণ্ড থানার এসআই খাইরুদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহত চালকের সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

এদিকে আবুল খায়ের গ্রুপের এএইচআর (এডমিন) মো. ইমরুল কায়েস চৌধুরী বলেন, গত এক মাসে আবুল খায়ের গ্রুপের গাড়ি ও প্রতিষ্ঠানের ভেতরে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি মামলা করা হলেও ডাকাতি কমছে না।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন