কুমিল্লায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক পাচার ঠেকাতে গত এক মাস ধরে পরিচালিত অভিযানে জেলার বিভিন্নস্থান থেকে ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ডিবি পুলিশ একাই ৪৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও নদীপথ থাকায় কুমিল্লায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক পাচারের ঝুঁকি রয়েছে। এ অবস্থায় ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে পশুবাহী গাড়ি চলাচল, মার্কেট এলাকায় নিরাপত্তা এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। অভিযানে কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের অনেকেই পেশাদার ছিনতাইকারী ও সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য। এদিকে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানেও সক্রিয় রয়েছে পুলিশ। ডিবির বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, ফেয়ারডিল সিগারেট, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে মহাসড়কে পশুবাহী গাড়ি ও যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
ঈদ সামনে রেখে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, এক মাসে গ্রেপ্তার ১২৫
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
বাংলারজমিন
১ মাস আগে
২৫ মে (সোমবার), ২০২৬, ৩ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
