ময়মনসিংহ নগরীর ৬৬৯ পরিবারের মাঝে বিনামূল্যে টিন বিতরণ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। রোববার টাউন হলের ভাষাসৈনিক এম. শামছুল হক মুক্তমঞ্চে সিটি করপোরেশনের উদ্যোগে বস্তি এলাকার নিম্নআয়ের মানুষের মাঝে এসব টিন বিতরণ করা হয়।
টিন বিতরণ শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেছেন, সরকার নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো করেছিল তা বাস্তবায়নে কাজ করছে। প্রান্তিক মানুষগুলো, গরিব, অসহায় খেটে খাওয়া শ্রমজীবী তাদের জন্য আমাদের কর্মসূচিগুলো থাকতে হবে এবং সেটা আমরা বাস্তবায়ন করবো। তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হওয়ার ৯ দিনের মাথায় এদেশের কৃষক, খেটে খাওয়া বিশেষ করে কৃষকদের যে কৃষি ঋণ ছিল তা মওকুফ করেছেন। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে। আগামী অর্থবছরে ৪০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে।
এমনিভাবে আমরা কৃষক ও প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এ সময় সিটি করপোরেশনের উদ্যোগে অসহায়দের নিজস্ব উদ্যোগে হেলথ কার্ড বিতরণ কর্মসূচির প্রশংসা করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ প্রমুখ।
