পাবনার ঈশ্বরদীতে ছাগল সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে মাহাবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল হোসেন ওই এলাকার মৃত আজিজুল প্রামাণিকের ছেলে। আটক ব্যক্তি আবুল বাশার মুন্সী একই এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মাহাবুল হোসেনের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সী ও তার বড় ভাই তসলিম মুন্সীর সজনে গাছের পাতা খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, এ সময় বাশার মুন্সী ও তসলিম মুন্সী লাঠি দিয়ে মাহাবুল হোসেনের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত বাশার মুন্সীকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
