খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের রক্তাক্ত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

খুলনায় মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৪১) নামে একজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে খুলনার উপ-শহর কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ডালিম গাজীর মাথার ডানপাশে ও কপালে ভারী বস্তু দিয়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ডালিম গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে।

তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
কেএমপি’র হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন রক্তাক্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় মুসল্লিরা কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসলে মসজিদের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পান। এ সময় স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, নিহতের মাথার ডান পাশে কপালের ওপর ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। পাশে রক্তমাখা ইট পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ইটের আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন