ময়মনসিংহে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ময়মনসিংহ সদরে নিখোঁজের দুইদিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ (২৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মুক্তাগাছা উপজেলার একটি ওষুধের দোকানে চাকরি করতেন। মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে দাবি পরিবারের। গতকাল বেলা ১২টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিজয় বর্মণ ওই এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মণের পুত্র। দুই ভাই ও এক বোনের সংসারে সে ছোট। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অপর ভাই ধীরেন্দ্র বর্মণ ওষুধ ব্যবসায়ী।
নিহত বিজয় বর্মণের জ্যোঠাতো ভাই সুব্রত বর্মণ জানান, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে ময়মনসিংহ শহরে যায়।

সেখান থেকে মাদকাসক্ত অবস্থায় বাড়িতে আসে। এরপর রাত ১২টার দিকে আবার এলাকার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দেয় বলে স্থানীয় লোকজন দেখতে পায়। এরপর আর বাড়ি ফেরেনি। শনিবারও দিনভর খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এরপর রোববার সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরের কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের লোকজন বিজয়ের মরদেহ শনাক্ত করে। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন