থানায় পৃথক মামলা দায়ের

দৌলতপুরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ বকুল হোসেন (৪০)কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি আহতরা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে সংঘর্ষ ও গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দৌলতপুর থানায় উভয়পক্ষ পৃথক মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

জানা গেছে, ছাতারপাড়া গ্রামে বিএনপি সমর্থিত মালিথা বংশ ও মণ্ডল বংশের মধ্যে জমি সংক্রান্ত ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার মালিথা বংশের লোকজন সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষ মণ্ডল বংশের আব্দুল হান্নানের ছেলে স্থানীয় বিএনপি নেতা কর্নেলের কৃষিজমিতে সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর পাম্প ঘরে তালা ঝুলিয়ে দেয় এবং তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ সময় কর্নেল ও তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটলে বকুল হোসেনের পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলা ও গুলিবর্ষণের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গুলিবিদ্ধ বকুল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। উভয় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে পৃথক মামলা দায়ের হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন