চিতলমারীতে তিন মাস ধরে কলেজছাত্র নিখোঁজ

চিতলমারীতে তিন মাস ধরে কলেজছাত্র নিখোঁজ

ফন্ট সাইজ:

বাগেরহাটের চিতলমারীতে গত তিন মাস ধরে রাজু ফকির নামে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় চিতলমারী থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-৬১৩। ছেলেকে হারিয়ে রাজুর মা-বাবা পাগলপ্রায়। ছেলেকে হন্যে হয়ে খুঁজে ফিরলেও তিন মাসে তার কোনো সন্ধান না পাওয়ায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার। নিখোঁজ রাজুর পিতা আলামিন ফকির কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল গ্রামের বাসিন্দা তিনি। তার ছেলে রাজু ফকির গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতো।

বর্তমানে সংসারের অভাব-অনটনের কারণে সে ঢাকায় একটি মানবিক সহায়তা কেন্দ্রে চাকরি করতো। সেখান থেকে চাকরি ছেড়ে চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখ বাড়িতে আসে। বাড়িতে কিছুদিন কাটানোর পর গত ২৩শে ফেব্রুয়ারি রাজু ফকির কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে গত তিন মাস তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়া, নিকট আত্মীয়সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন এখন চরম হতাশায় ভুগছেন। এ ছাড়া, রাজু ফকিরের বাবা আরও জানান, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।

অভাবের সংসার। এখন ছেলেকে সন্ধান করার মতো কোনো সঙ্গতি নেই তার। গত দুই মাস ধরে ছেলের সন্ধান করতে গিয়ে এখন একেবারে সর্বস্বান্ত হয়েছেন। কী করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। এ ব্যাপারে ছেলের সন্ধানের জন্য তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন। এ ছাড়া, কেউ যদি ছেলের সন্ধান পান তাহলে ০১৯১৯৩২২৮৬১ নম্বরে যোগায়োগ করতে অনুরোধ করেছেন। নিখোঁজ রাজু ফকিরের প্রতিবেশী আবু বক্কর মাঝি জানান, রাজু খুব নিরীহ ছেলে ছিল। তার এভাবে নিখোঁজ হওয়ার বিষয়টি সকলকে ভাবিয়ে তুলেছে। ছেলেটির যাতে সন্ধান মেলে আমরা সে কামনা করি। এ বিষয়ে চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, জিডির সূত্র ধরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সন্ধান চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন