আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীর ওপর শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগ

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে প্রবাসীর স্ত্রী হনুফা বেগম (ছদ্মনাম) শ্বশুর, শাশুড়ি ও ননদের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে বাগধা ইউনিয়নের ইখতিয়ার মিয়ার ছেলে প্রবাসী নুর নবীর সঙ্গে গৌরনদী উপজেলার এক নারীর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও পরে নুর নবী বিদেশে চলে যান। ভুক্তভোগীর দাবি, স্বামীকে বিদেশ পাঠানোর জন্য তিনি প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা সহযোগিতা করেছিলেন। ভুক্তভোগী হনুফা বেগম জানান, স্বামী বিদেশে যাওয়ার পর তাকে ঢাকায় বাসা ভাড়া করে রাখা হয় এবং শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু সময়ের সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যরা তার সঙ্গে দূরত্ব তৈরি করতে থাকেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, তার স্বামী বিদেশে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে আরেকটি বিয়ে করেছেন।

এ খবর শুনে তিনি শ্বশুরবাড়িতে গেলে শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে তার ওপর শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ করেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে যায়। তবে অভিযোগের ভিত্তিতে দুই দফা অভিযান চালিয়েও অভিযুক্তদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। নির্যাতিত হনুফা বেগম প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। এ বিষয়ে আগৈলঝাড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন