৬৩ জাল সনদধারীকে শোকজ

ফন্ট সাইজ:

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে কর্মরত ৬৩ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না সেটি জানতে চেয়েছে অধিদপ্তর।

শনিবারসহ সম্প্রতিক সময়ে পৃথক পৃথক নোটিশে এ শোকজ করা হয়। শোকজের চিঠি পাওয়া জাল সনদধারীদের ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শোকজের চিঠিতে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা হতে ৪৭১ জন জাল/ভুয়া সনদধারী শিক্ষকের তালিকাসহ একটি পত্র প্রেরণ করা হয়েছে। উক্ত পত্রে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা, ২০২৫’ অনুসারে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ৪৭১ (মাধ্যমিক পর্যায়ের ৪০২, কলেজ পর্যায়ের ৬৪ এবং কারিগরি পর্যায়ের ৫ জন) জন জাল/ভুয়া সনদধারী তালিকাভূক্ত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-কে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত জাল/ভুয়া সনদধারী শিক্ষক-কর্মচারীদের সংযুক্ত তালিকায় ( অন্যান্য সনদ-৪০) আপনার নাম অন্তর্ভুক্ত থাকায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৮.১(ঙ) অনুচ্ছেদ মোতাবেক কেন আপনার বিরুদ্ধে এমপিও বাতিল/ স্থগিত ও গভর্নিংবডি কর্তৃক নিয়োগ বাতিলসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন