কুষ্টিয়ায় বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

কুষ্টিয়ায় বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বাসটি বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। পরে আরও এক নারী কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। নিহত অন্য দুই পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উপস্থিত পথচারী মাজেদুল ইসলাম বলেন, বালুবাহী ট্রাকটি খুব দ্রুতগতিতে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে যায়। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, আশঙ্কাজনক অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন