ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায় তারা নুন নামের পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মরিচগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হালিমের সন্তান। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, গত ২০শে মে হামজনিত উপসর্গ নিয়ে শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে শিশুটি মারা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, হামজনিত জটিলতা থেকে নিউমোনিয়া দেখা দেয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।
এর আগে গত ১৬ই মে হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলার মনি আক্তার নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
