কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দুপুরে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে বলে জানা গেছে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিললাইন রেলগেট অতিক্রম করার সময় ঈদের প্যান্ডেলের জন্য গেট নির্মাণে কর্মরত শ্রমিকরা ট্রেনের ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে সেখানে মোটরসাইকেলে অপেক্ষমাণ এক সংবাদকর্মীকে বিষয়টি জানানো হলে তিনি পোড়াদহ রেলওয়ে পুলিশকে খবর দেন।
পরে পোড়াদহ রেলওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করেন।

রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন