যশোরে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

ফন্ট সাইজ:

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৫), তার চার বছর বয়সী ছেলে সৌভিক সাহা, ভ্যানচালক আনোয়ার হোসেন (৬০) ও আইয়ুব হোসেন (৪৩)।

আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী সোনারগাঁ ট্রান্সপোর্টের একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব ও যাত্রী বৃষ্টি মারা যান। গুরুতর আহত অবস্থায় তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধ আনোয়ার আলী ও বৃষ্টির ৪ বছরের সন্তান সৌভিক। এদিকে, দুর্ঘটনার পর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উত্তেজিত জনতা দুর্ঘটনার কারণে কাভার্ড ভ্যানটিতে অগ্নিসংযোগ করে এবং ঘটনাস্থলে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দাবি কেেরছন।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. শাকিরুল ইসলাম।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন