২০ মণ ওজনের ‘লালবাদশা’

২০ মণ ওজনের ‘লালবাদশা’

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ বছর দাপিয়ে বেড়াচ্ছে ২০ মণ ওজনের (শাহীওয়াল) ষাঁড় ‘লালবাদশা’। এটি গত শুক্রবার উপজেলার আড়াইহাজার পৌরসভা কোরবানির পশুর হাটে উঠানো হয়। এর দাম হাঁকা হচ্ছিল ১২ লাখ টাকা। পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মারামপুর এলাকা থেকে ছগীর নামের একজন ষাঁড়টি নিয়ে আসেন। এটি দেখতে উৎসুক জনতাকে ভিড় করতে দেখা যায়। একপর্যায়ে ‘লালবাদশা’ খ্যাত এই পশুটি কিনে নেন নারায়ণগঞ্জ-২, আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও তার ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব। গরুটির মালিক ছগীর মিয়া বলেন, আমি চার বছর ধরে এটিকে লালন-পালন করে আসছি। দেশীয় বিভিন্ন খাবারের মাধ্যমে একে পালন করা হয়েছে। ন্যায্য দাম পেয়ে আমি খুশি।

অনেকেই বলেন, ভারতের পশু এ বছর হাটগুলোতে না আসাতে স্থাানীয় প্রজাতির পশুর চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে ছোট-বড় খামারিরা কিছুটা হলেও লাভের মুখ দেখছেন। এদিকে ‘আড়াইহাজার পৌরসভার’ অস্থায়ী হাটে এ বছর উঠানো হয় ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত একটি মহিষ। যার দাম হাঁকা হচ্ছিল ৬ লাখ টাকা। এর ওজন ১৮ মণ দাবি করেন মালিক মিজান মিয়া। এটি দেখতে শত শত মানুষ এর আশপাশে ভিড় করতে দেখা গেছে। অনেকেই নিজেকে এর সঙ্গে ফটোসেশন করতে দেখা যায়। অন্যদিকে স্থানীয় খামারি আলাউদ্দিন বলেন, আমি ১৫টি ষাঁড় হাটে উঠিয়েছি। এ বছর পশুর ভালো দাম পাওয়া যাচ্ছে। এদিকে ক্রেতাদের বরাবরের মতোই অভিযোগ ছিল, আগের তুলনায় আকারভেদে পশুর দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে। জানা যায়, গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর অস্থায়ীহাট বসানো হয়। এসব হাটে বিপুলসংখ্যক দেশীয় পশু উঠানো হয়।

তবে ক্ষণে ক্ষণে মুষলধারে বৃষ্টির ফলে হাটগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে দেখা যায়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। জাল টাকা শনাক্তে রাখা হয়েছে মেশিন। বিপুলসংখ্যক ভলেন্টিয়ারের মাধ্যমে হাটগুলো পরিচালনা করা হচ্ছে। গত শুক্রবার ছিল উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী পশুর হাট ‘আড়াইহাজার পৌরসভা’ পশুর হাট। হাটের ইজারা নেয়া হাট পরিচালনা কমিটির প্রধান মোবারক হোসেন বলেন, হাটের সার্বিক নিরাপত্তায় বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় বছর ২৪টি অস্থায়ী হাটের অনুমোদন দেয়া হয়েছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান বলেন, হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার সুবিধার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাট পরিচালনা কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতার সার্বিক নিরাপত্তার জন্য প্রতিটি হাটে পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন