শায়েস্তাগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ফন্ট সাইজ:

পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজার ও বিপণিবিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে কাপড়ের দোকানগুলো। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু ও তরুণ-তরুণীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে শায়েস্তাগঞ্জের ব্যবসাকেন্দ্রগুলো। বিশেষ করে উপজেলার দাউদনগর বাজার ও ড্রাইভার বাজার এলাকায় ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। নানা ধরনের দেশীয় ও আধুনিক ডিজাইনের পোশাক সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা।

শিশুদের পোশাক, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মেয়েদের থ্রি-পিস, গাউন, শাড়ি, কুর্তি এবং ফ্যাশনেবল পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। শায়েস্তাগঞ্জের পরিচিত বিপণিবিতানগুলোর মধ্যে কে আলী মার্কেট, আলী প্লাজা, ফ্যাশন মহল, ফ্যাশন প্লাস, নিউ মধুমিতা, মৌমিতা, আলম ক্লথ স্টোর, আধুনিক ফ্যাশন ও গাউছিয়া ফ্যাশনে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।

দোকানগুলো রঙিন আলোকসজ্জা ও নতুন পোশাকের সংগ্রহে সাজানো হয়েছে, যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিনের তুলনায় বর্তমানে বিক্রি অনেক বেড়েছে এবং ঈদের আগের কয়েকদিন বিক্রি আরও বাড়বে বলে তারা আশা করছেন। কয়েকজন ক্রেতা জানান, ঈদ মানেই আনন্দ আর নতুন পোশাকের উৎসব।

তাই পরিবারের সদস্যদের নিয়ে তারা বাজারে এসেছেন। যদিও কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি বলে অভিযোগ করেছেন অনেকেই, তবুও ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেনাকাটা করছেন তারা।

এদিকে ক্রেতাদের চাপ সামাল দিতে দোকানের কর্মচারীরাও ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের বিভিন্ন ডিজাইনের পোশাক দেখানো এবং বিক্রির কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তাদের। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, ঈদকে কেন্দ্র করে এ মৌসুমে ব্যবসা-বাণিজ্য আরও প্রাণবন্ত হবে এবং গত বছরের তুলনায় ভালো বিক্রি হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন