প্রধানমন্ত্রীর নির্দেশে মহাসড়কের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সৌন্দর্যবর্ধন করতে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ের বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসার ও গ্যাস উৎপাদনে চীন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রবেশদ্বার রাজেন্দ্রপুরে ময়লার ভাগাড় পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শনে এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন থাকলেও উন্নত প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা গেলে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মুঞ্জুরুল রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান, প্রধান প্রকৌশলী আব্দুল বারেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ময়লাকে আমরা যখন সম্পদে রূপান্তর করবো তখন শতকরা মাত্র ৫ ভাগ ময়লা সেখানে থাকবে। ওই ময়লায় কোনো দুর্গন্ধ থাকবে না। পরবর্তীতে আমরা দূরবর্তী কোনো জায়গায় ডাম্পিং করবো। ময়লা থেকে গরু, মুরগির খাবারও তৈরি করা যায়। সেই ধরনের প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। আমাদের একটু সময় লাগবে।
