‘মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবো’

বগুড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাদশা

‘মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবো’

ফন্ট সাইজ:

বগুড়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছে যুব রেড ক্রিসেন্ট, বগুড়া। শুক্রবার বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের এই সম্মানিত সদস্যকে যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব ও স্বেচ্ছাসেবক প্রধান ধ্রুবসারথি গোস্বামী অর্ঘ্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, ‘জনগণের ভালোবাসায় আমি আজ সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এই সম্মান শুধু আমার একার নয়, এটি বগুড়াবাসীর। রেড ক্রিসেন্ট সোসাইটি মানব সেবায় যেভাবে কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি নিজে এই ইউনিটের একজন সদস্য হতে পেরে গর্বিত।

আগামী দিনে বগুড়ার উন্নয়ন এবং যুব সমাজের কল্যাণে আমি আন্তরিকভাবে কাজ করে যাবো। বিশেষ করে যুব রেড ক্রিসেন্টের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।’

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, ‘রেজাউল করিম বাদশা ভাই আমাদের রেড ক্রিসেন্ট পরিবারের একজন সম্মানিত সদস্য। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, তা অনন্য। আমাদের বিশ্বাস, নতুন সংসদ সদস্যের দিকনির্দেশনা ও সহযোগিতায় বগুড়ায় রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম আরও অনেকদূর এগিয়ে যাবে।

আমরা তার হাত ধরে বগুড়ার সার্বিক উন্নয়ন কামনা করি।’ অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও বক্তব্য রাখেন- রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চান, এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল, সহীদ উন নবী সালাম এবং বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এ ছাড়া, সিনিয়র যুব সদস্য একেএম লতিফুল কবির ইমন, মাহবুবুর রহমান ছোটন এবং ইউনিট কার্যনির্বাহী সদস্য রাশেদা খাতুন রানী অনুষ্ঠানে বক্তব্য দেন। বক্তব্য পর্ব শেষে সিনিয়র যুব সদস্যবৃন্দ, বগুড়া যুব রেড ক্রিসেন্ট, বিভিন্ন উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন