ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কাজী জুয়েল রানা যুক্তরাষ্ট্রের ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টুডেন্ট বডির (২০২৫-২৬) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টুডেন্ট গভর্নমেন্টে বাংলাদেশি শিক্ষার্থীর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের ঘটনা খুবই বিরল।
কাজী জুয়েল রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ডেটা সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স অ্যান্ড ইনফরমেটিক্সে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়নরত।
পাশাপাশি ছাত্রনেতৃত্বে সক্রিয় ভূমিকার কারণে প্রায় ছয় হাজার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর স্টুডেন্ট বডির প্রতিনিধিত্বকারী ছাত্র সরকার (গ্র্যাজুয়েট স্টুডেন্ট গভর্নমেন্ট)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে কাজী জুয়েল রানার দায়িত্ব বহুমাত্রিক। তিনি নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি ও শীর্ষ প্রশাসনের সঙ্গে নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেন। একই সঙ্গে তিনি দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য সহায়তা কাঠামো উন্নয়ন, গবেষণা অর্থায়ন, মানসিক স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা ও সামগ্রিক ছাত্রকল্যাণমূলক উদ্যোগে ভূমিকা রাখছেন।
পদাধিকারবলে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিল, প্রেসিডেন্ট সার্চ কমিটি এবং প্রভোস্ট সার্চ কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি ও কাউন্সিলের সদস্য হিসেবে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করছেন। এ ছাড়া ২০২৬ সালে ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের এক সভায় তিনি গ্যাভেল সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করেন জুয়েল রানা।
জুয়েল রানার এই অর্জন বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
