ইতালির লড়াই থামিয়ে ৪২ রানের দাপুটে জয়ে গ্রুপ পর্ব শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। ইডেন গার্ডেনে ক্যারিবীয়দের জয়ের দিনে বিশ্বরেকর্ড গড়েন পেসার শামার জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে ১২৩ রানেই অলআউট হয় ইতালি। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে সুপার এইটে পা রাখলো ক্যারিবিয়ানরা। অন্যদিকে ১ জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করলো নবাগত ইতালি।
ইতালির ইনিংস গুঁড়িয়ে দেন পেসার শামার জোসেফ। ৩০ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডার হিসেবে ৪টি ক্যাচ নেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৪ উইকেট ও ৪টি ক্যাচ নেওয়ার অনন্য রেকর্ড গড়েন এই পেসার। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক শাই হোপের ৭৫ রানের ওপর ভর করে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ইতালির পক্ষে বেন মানেন্তি সর্বোচ্চ ২৬ রান করলেও বড় কোনো জুটি না হওয়ায় জয় পাওয়া সম্ভব হয়নি। গ্রুপ পর্বের ৪ ম্যাচের সব কটিতেই জিতলো সাবেক চ্যাম্পিয়নরা।
