নেত্রকোণায় আলোচনায় ঈশা খাঁ

নেত্রকোণায় আলোচনায় ঈশা খাঁ

ফন্ট সাইজ:

নেত্রকোণায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন খামারে দেশীয় পদ্ধতিতে কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। রাসায়নিক ও ভেজালমুক্ত খাবারে বড় হওয়া এসব পশু নিয়ে ক্রেতাদের আগ্রহও বেড়েছে কয়েকগুণ। জেলার বিভিন্ন হাটে প্রতিদিনই জমে উঠছে বেচাকেনা, দূর-দূরান্ত থেকেও ক্রেতারা আসছেন পছন্দের পশু কিনতে। এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নেত্রকোণা সদর উপজেলার ফচিকা গ্রামের বিশাল আকৃতির ষাঁড় ‘ঈশা খাঁ’। ফ্রিজিয়ান জাতের বাহারি এই গরুর ওজন প্রায় ৪৩ মণ বা (১৭২০ কেজি)। প্রায় ৬ ফুট উচ্চতা ও ৯ ফুট লম্বা বিশাল ষাঁড়টি দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন উৎসুক মানুষ।

গরুটির মালিক কৃষক খায়রুল মেম্বার জানান, কোনো ধরনের রাসায়নিক ব্যবহার ছাড়াই প্রাকৃতিক খাদ্যে প্রায় কয়েক বছর ধরে ‘ঈশা খাঁ’কে লালন-পালন করা হয়েছে। প্রতিদিন এর খাবারের পেছনে খরচ হয় প্রায় ১২ থেকে ১৪শ’ টাকা। গত বছর গরুটির দাম হাঁকা হয়েছিল সাড়ে ৯ লাখ টাকা। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ‘ঈশা খাঁ’ বর্তমানে জেলার সবচেয়ে বড় ষাঁড়। এবার নেত্রকোণার ১০টি উপজেলায় প্রায় ১৩ হাজার খামার ও কৃষকের হাতে কোরবানির জন্য প্রস্তুত হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬৮৮টি গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন ধরনের গবাদি পশু।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ১ লাখ ১৭ হাজার। সেই হিসেবে চাহিদার তুলনায় অতিরিক্ত প্রায় ১২ হাজার পশু রয়েছে। জেলার ১০ উপজেলায় ১১৩টি স্থানে পশুর হাট বসছে এবং প্রতিদিনই চলছে জমজমাট বেচাকেনা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন