বিদ্যালয়ের বেহাল দশা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলের কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর ধরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শিশুদের খেলাধুলা। বিদ্যালয়ের একমাত্র ছোট মাঠটিতে নির্মাণ সামগ্রীর স্তূপ এবং শ্রেণিকক্ষে রড রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ করায় ঝুঁকিতে রয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। হারাচ্ছে খেলাধুলার পরিবেশ। সরজমিন দেখা যায়, বিদ্যালয়ের নিজস্ব ৫০ শতক জমির বড় অংশ জুড়ে রয়েছে পুকুর। বিদ্যালয়ের সামনে ছোট মাঠে এক বছর ধরে ফেলে রাখা হয়েছে ওয়াশ ব্লক ও সীমানা প্রাচীর নির্মাণের সুরকি, বালি আর ইটের আধলা।

এছাড়া উত্তরদিকের আধা-পাকা ভবনের একটি শ্রেণিকক্ষে শিক্ষকের চেয়ারের ঠিক পেছনেই স্তূপ করে রাখা হয়েছে রডের বান্ডিল। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী ভূঁইয়া বলেন, নির্মাণসামগ্রী রাখার সময় নিষেধ করলেও ঠিকাদারের লোকজন তা মানেনি। এখন সরানোর তাগাদা দিলেও তারা কর্ণপাত করছে না। ‘নূর ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে এই ওয়াশ ব্লক নির্মাণ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার হুমায়ুন কবীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নান্দাইল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেবেকা সুলতানা জানান, মাঠে বা শ্রেণিকক্ষে মালামাল রেখে কাজ করার নিয়ম নেই। তিনি দ্রুত মালামাল সরানোর ব্যবস্থা করবেন। অন্যদিকে, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালমা আক্তার বিষয়টি তার আগে জানা ছিল না জানিয়ে বলেন-শিক্ষার্থীদের নিরাপত্তা ও খেলার পরিবেশ ফিরিয়ে আনতে তিনি ব্যবস্থা নেবেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন