যশোরের চৌগাছায় বাড়ি থেকে বের হওয়ার একদিন পর কাজল কুমার ঘোষ (৪৬) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার ফুলসালা ইউনিয়নের জামিরা গ্রামের কালিমন্দির এলাকার খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার এলাকার মাসুম নামের জনৈক ব্যক্তি মন্দিরের পাশে তাল কাটার জন্য গাছে ওঠে। গাছ থেকে মোবাইলে রিংটোন বাজার শব্দ শুনতে পায়। গাছ থেকে নেমে সেখানে গিয়ে মরদেহ দেখে ডাক চিৎকার দেয়। চিৎকার শুনে স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে চৌগাছা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। কাজলের স্ত্রী রুপা ঘোষ ও পুলিশ জানায়, কাজল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। মেয়ে কোয়েল ঘোষ ও কথা ঘোষকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি।
রাতেও বাড়িতে ফিরে আসেনি। পরে এলাকার মানুষের মাধ্যমে খবর জানতে পেরে কাজলের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি কাজলের বলে শনাক্ত করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, তার সঙ্গে ঠিক কী হয়েছে এখন বলা যাচ্ছে না। মৃতদেহের সুরতহাল প্রস্তুত হয়েছে। সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
