সুন্দরবনে দস্যু বাহিনীর কবল থেকে ২১ জেলে উদ্ধার

ফন্ট সাইজ:

গোটা সুন্দরবন দাপিয়ে বেড়ানো দুর্ধর্ষ বনদস্যু ‘জাহাঙ্গীর’ ও ‘দয়াল’ বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দস্যু নির্মূলে পরিচালিত ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’র আওতায় শুক্রবার ভোরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের ইতিমধ্যেই কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তর মোংলায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা জানিয়েছেন, জেলে উদ্ধারের বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে, গত মঙ্গলবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকা থেকে ১২ জেলেকে এবং বৃহস্পতিবার রাতে বনের ছাপড়াখালী এলাকা থেকে আরও ছয় জেলেকে অপহরণ করেছিল জাহাঙ্গীর বাহিনী। এ ছাড়া, বনদস্যু দয়াল বাহিনীর কাছে জিম্মি ছিল আরও তিন জেলে। তবে এই তিন জেলেকে কবে এবং বনের কোন স্থান থেকে অপহরণ করা হয়েছিল, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

উদ্ধার হওয়া ২১ জেলের মধ্যে ১৮ জনই বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর, সোনাতলা ও খুড়িয়াখালী এলাকার বিভিন্ন মৎস্য ব্যবসায়ীর জেলে বলে জানা গেছে।
অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় কোস্ট গার্ডের এই সফল অভিযানে জেলেদের উদ্ধারের ঘটনায় উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন