বরিশালে সরকারবিরোধী গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে ধারালো অস্ত্র ও পোস্টারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪০-৫০ জন পালিয়ে যান বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। শুক্রবার ভোরে নগরীর ব্রজমোহন কলেজসংলগ্ন মধু মিয়ার পুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ইমন ভূইঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম। বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানিয়েছেন, সরকারবিরোধী কার্যক্রম ও নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে গোপন বৈঠকে জড়ো হয়েছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান। তার ভাষ্য, গ্রেপ্তারদের কাছ থেকে একটি রাম দা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।
