নগর উন্নয়নের নতুন যাত্রায় দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করা নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের (বসিক) প্রথম প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এমআর ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার সকালে তিনি নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। এরপর তাকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া পৌরসভার সাবেক মেয়র এডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শুভেচ্ছা জানাতে গিয়ে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে বগুড়া একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত নগর হিসেবে গড়ে উঠবে এবং এই নতুন যাত্রায় তাঁর সফলতা কামনা করেন।
দীর্ঘ প্রতীক্ষার পর গত ২০ এপ্রিল দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বগুড়া সিটি কর্পোরেশন, যার মাধ্যমে বিলুপ্ত হয়ে যায় প্রায় ১৫০ বছরের পুরনো ঐতিহাসিক বগুড়া পৌরসভার কার্যক্রম। এই সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়ায় প্রথমে স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী জেলা প্রশাসকের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে জনসাধারণের মতামত আহ্বান করা হয় এবং পরবর্তীতে ইতিবাচক প্রতিবেদন দাখিল করা হয়। এরপর ২০শে এপ্রিল-২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে গিয়ে পৌরসভা ভবনে নতুন এই সিটি কর্পোরেশনের উদ্বোধনী নামফলক উন্মোচন করেন।
পরবর্তীতে ৭ই মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর সভায় এই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন লাভ করে এবং গত ১৪ই মে রাতে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারির পর তা সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়।
নবগঠিত এই সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে বিদ্যমান বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে এবং এর সঙ্গে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বেশ কয়েকটি মৌজা ও ইউনিয়ন যেমন নিশিন্দারা, রাজাপুর, শাখারিয়া, আশেকপুর, মাদলা, মাঝিড়া, সাবগ্রাম, ফাঁপোড় ও এরুলিয়া যুক্ত করে। বিশাল এই এলাকা নিয়ে গঠিত নতুন সিটি কর্পোরেশনটি আয়তনের দিক থেকে রাজশাহী, খুলনা বা সিলেটের চেয়েও বড়। গত ২০শে মে থেকে এই নবগঠিত সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর বৃহস্পতিবার নতুন প্রশাসক যোগদানের মাধ্যমে এর উন্নয়ন যাত্রায় এক নতুন দিগন্তের সূচনা হলো।
