বাগেরহাটের চিতলমারীতে প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বাড়ছে হাম ও ডায়রিয়াসহ নানা পানিবাহী রোগব্যাধি। এতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় ক্লিনিকগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এ ছাড়া, হিটস্ট্রোকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এতে বাড়ছে উৎকণ্ঠা। তাপমাত্রা অব্যাহত থাকলে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার সকালে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে উপজেলার শ্রীরামপুর গ্রামের শিয়ান শেখ (৭ মাস), শিবপুর গ্রামের সুফিয়ান (৯ মাস), বারাশিয়া গ্রামের আব্দুল মোতালেব (৪), আড়ুয়াবর্ণি গ্রামের সুমাইয়া (৩) সহ ৭ শিশু ভর্তি রয়েছে। এ ছাড়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়েও অনেকে ভর্তি রয়েছে। পাশাপাশি হিটস্ট্রোকে ১২ ছাত্রী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অনেকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এলাকায় বিশুদ্ধ পানির সংকট থাকায় পানিবাহী রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শর্মি রায় জানান, এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। প্রচণ্ড গরমে পানিবাহী বিভিন্ন রোগসহ ডায়রিয়া দেখা দিয়েছে। এ ছাড়া, হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
