নাটোরের লালপুর উপজেলায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিতিতা গ্রামের মৃত আদুর ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী শাপলা খাতুন (৩০) এবং পলানের স্ত্রী সুফিয়া খাতুন (৫০)। স্থানীয় সূত্র মতে, সকাল থেকেই আকাশে মেঘ জমে ছিল। এর মধ্যেই ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে এসকেন আলী ভোলাসহ তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে শাপলা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
