গাইবান্ধায় ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

গাইবান্ধায় ৪৬৭ বস্তা চালসহ দুই নৌকাডুবি

ফন্ট সাইজ:

গাইবান্ধার ফুলছড়িতে আকস্মিক ঝড়ে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৪৬৭ বস্তা সরকারি চালসহ দু’টি নৌকা নদীগর্ভে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে কালির বাজারের সরকারি গুদাম থেকে এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য ৪৬৭ বস্তা চাল নিয়ে নৌকা দু’টি রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ করেই এলাকায় প্রবল বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতায় নৌকা দু’টি মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের কাছেই নদীতে ডুবে যায়। নৌকা চালক ও স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সকালে আকাশ মেঘলা ছিল। কিন্তু আচমকা এত তীব্র বেগে ঝড় আসবে তা বোঝা যায়নি। ঝড়ের তোড়ে চোখের পলকেই চালভর্তি বড় নৌকা দু’টি তলিয়ে যায়।

এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে আজই এই চাল বিতরণের কথা ছিল। চালগুলো ইউনিয়ন পরিষদে নেয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সহায়তায় নদী থেকে চালের বস্তা উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। তবে সব বস্তা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন