গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল অবশেষে ডুয়েটের নিজ দপ্তরে গেলেন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির মধ্যে নিরাপত্তা নিশ্চিত করে তিনি ডুয়েটের নিজ দপ্তরে প্রবেশ করেন। শুক্রবার থেকে সাপ্তাহিক ও ঈদের ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় ক্যাম্পাস প্রায় ফাঁকা। দুপুরে ভাইস চ্যান্সেলর ভেতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের দপ্তরে বসে দায়িত্ব পালন শুরু করেন। শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জানান, গত রোববার যোগদান করার পর থেকেই তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ছুটি মঞ্জুরসহ অফিসিয়াল একশো’র বেশি ফাইলে তিনি সই করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে, তিনি আলাপ আলোচনা করে তার সমাধান করবেন। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নতুন নিয়োগ দেয়া এই ভিসির নিয়োগ বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ ছাড়া গত রোববার যারা হামলা চালিয়ে ডুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে তাদের বিচার করতে হবে।
গত ১৪ই মে বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে চার বছরের জন্য ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগ দেয়ার পর থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই নিয়োগ বাতিল করে ডুয়েট থেকে ভিসি নিয়োগ দেয়ার দাবিতে আন্দোলন শুরু করে। মঙ্গলবার বিকালে আন্দোলনের ষষ্ঠ দিনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে ‘লাল কার্ড’ ও ‘ব্লকেড’ কর্মসূচি দিয়ে ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ডাকা থাকলেও তাদের প্রায় সবাই এরই মাঝে ঈদের ছুটিতে হল ছেড়েছেন।
