আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান গণি নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। নিহত ওসমান গণি স্থানীয় বড় বিনাইর চর এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে।

এ ঘটনায় বৃহম্পতিবার ভোরে নিহতের পরিবারের লোকজনসহ স্থানীয় বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আড়াইহাজার-ভুলতা সড়কের বড় বিনাইর চর এলাকায় রাস্তায় টায়ার জ¦ালিয়ে অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এর আগে গত বুধবার রাতে স্থানীয় দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার কাউন্দা এলাকার চকে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নেয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মৃতের পরিবারের দাবি ওসমান ঘটনাস্থলেই মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী নারায়ণগঞ্জ জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিফাত মিয়া বলেন, আমি ঘটনাস্থলেই ছিলাম, সন্ত্রাসীরা প্রথমে আমাকে হুমকি দেয়। পরে তারা আমার সামনেই ওসমানকে কুপিয়ে হত্যা করে। তিনি আরও বলেন, তারা সংখ্যায় বেশি থাকায় তাদেরকে বাধা দেয়ার মতো পরিস্থিতি ছিল না। আরেক প্রত্যক্ষদর্শী মাহফুজ ভূঁইয়া বাবুল বলেন, কাউন্দার চকে একটি জমি কিনে সেখান থেকে শ্রমিকরা মাটি কেটে ডাম্প ট্রাকে ভর্তি করছিল। এ সময় আমি গাড়িতেই বসা ছিলাম, হঠাৎ একদল অস্ত্রধারী মুখোশ পরিহিত লোক ওসমানের ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র আমাদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে আসছিল। তাতে রাজি না হওয়ায় তারা ওসমানকে নৃসংশভাবে হত্যা করেছে। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃটান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। জেলা পুলিশের সিনিয়র (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এরইমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন