চট্টগ্রামের হাটহাজারীতে স্কুলের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করায় তোপের মুখে প্রধান শিক্ষক। এতে এলাকায় অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়। যা স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে।
গতকাল দুপুরে উপজেলার কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় আওয়ামী লীগ নেতা আলমগীর জামান সিআইপিকে। তিনি ধলই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ সম্পাদক। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলমগীর জামান উপস্থিত হয়ে পুরস্কার বিতরণের কিছু ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে স্থানীয়ভাবে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করতে দেয়া উচিত হয়নি। অনেকে প্রশ্ন তুলছেন, এ ঘটনায় আদৌ কোনো গোপন উদ্দেশ্য আছে কি না। ছবিতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা আলমগীর জামানের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিটন চন্দ্র দে। যা থেকে অনেকেই রাজনৈতিক আনুগত্যের বিষয়টি অনুমান করছেন।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন, ধলই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক এবং সক্রিয় রাজনৈতিক নেতাকে প্রধান অতিথি করাটা সঠিক হয়নি। বিশেষ করে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর বিএনপি সরকার গঠনের সময় আওয়ামী লীগের নেতাকে স্কুল অনুষ্ঠানে প্রধান অতিথি করাটা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন অনেকে। তবে অভিযোগ স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন বলেন, আলমগীর জামান সিআইপি তিনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এখানে উনাকে দাওয়াত করা হয়েছিল। তিনি এসেছেন। শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী পুরস্কারগুলো তিনি উপহার হিসেবে দিয়েছেন। উনাকে প্রধান অতিথি কারা করেছেন, এটি আমি সঠিক বলতে পারবো না।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান বলেন, ঘটনাটি জানা মাত্র আমি ওই স্কুলের প্রধান শিক্ষককে ডেকেছি। উনি আমাকে বলেছেন, স্কুল অনুষ্ঠানে ফান্ড সংকটের কারণে যিনি ডোনেট করেছেন, আমরা তাকে প্রধান অতিথি করেছি। এটি বর্তমান কমিটির অনুমতি নিয়ে করা হয়েছে। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এমন পরিস্থিতির জন্য ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে।
