নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে পরীক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুরে একটি নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামড়াবন্দ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন কামড়াবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এহসানুল হক (১৮) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। তিনি বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

আহত শিমুল মিয়া (২১) একই এলাকার তাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলা গ্রামের সাজুল তালুকদারের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করার সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে আসেন তারা। এতে ঘটনাস্থলেই এহসানুলের মৃত্যু হয় এবং আহত হন শিমুল। নিহতের মা বলেন, গতকাল ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছে।

আমাদের কাউকে না বলেই ঈদের খরচ জোগাড় করতে কাজে গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু হয়েছে। আপনারা আমার ছেলেকে এনে দেন। তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আলাউল হক সরকার বলেন, ভবন মালিক ও ঠিকাদারকে একাধিকবার বিদ্যুৎ নিরাপত্তার আবেদন ও প্রয়োজনীয় ফি জমা দেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি আমলে নেননি। বিদ্যুৎ লাইনের পাশে ভবন নির্মাণে যেসব নিরাপত্তা বিধি অনুসরণ করা প্রয়োজন, তা মানা হয়নি। ভবনের মালিক সাজুল তালুকদারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন